নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিআরটিসি ডিপোতে থাকা দুটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাত আড়াইটার দিকে ডিপোর ভেতরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন লাগার সুস্পষ্ট কারণ জানা না গেলেও এর পেছনে বিআরটিসি কর্মকর্তাদের অভ্যন্তরীণ কোন্দল ও গাফিলতি থাকতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসগুলোর বডিতে ফোম থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুনে বাস দুটির ভষ্মীভূত হওয়ার খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির দোহাই দিয়ে প্রধান ফটক আধাঘণ্টা বন্ধ রাখা হয়।
সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, ‘খবর পেয়েই আমি দ্রুত এসে উপস্থিত হই। ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পুরো ঘটনাটি স্পষ্ট নাশকতা। গতকাল আমার বদলি হওয়ার কথা ছিল, সব প্রস্তুতিও শেষ। যাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি বদলি নিয়ে আসতে অনাগ্রহী। আমার ধারণা, বদলি ঠেকাতে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।’
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, ‘রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং ১০ মিনিটের ভেতর আগুন নিয়ন্ত্রণে আনি।’