কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুরে এক দুর্ঘটনায় একই পরিবারের তিন নারী প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কড়িকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি খালি পণ্যবাহী ট্রলি সোজা তিতাস নদে পড়ে গিয়ে গোসল করতে থাকা তিন নারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন একই বাড়ির শামসুন্নাহার আক্তার, রিনা আক্তার ও রোজিনা আক্তার। স্থানীয় বাসিন্দা আবু হাসান বলেন, বাড়িতে রান্না করা খাবার চুলায় বা থালায় যেমন রাখা ছিল, তেমনই পড়ে আছে।
এদিকে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে এবং এতে সাত শ্রমিক আহত হয়েছেন। গত বুধবার রাত পৌনে ৮টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর রাজাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুজন হলেন সৈয়দপুর উপজেলার কিশামত কাদীকল গ্রামের মোর্শেদা বেগম ও দিঘলডাঙ্গী গ্রামের আদুরী রানী। নিহতরা ফতেজংপুর নামক স্থানে ট্রিলিয়ন গোল্ড কোম্পানির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে, নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় জবেদ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের কাজিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলাহাটি সাংগঠনিক শাখার একজন দায়িত্বশীল কর্মী। জানা যায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।