২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর কয়েক মাস বাকি। এরই মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি প্রায় ৭৫ শতাংশ স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছেন। ২০২২ কাতার বিশ্বকাপে খেলা দলের বেশিরভাগ খেলোয়াড়ই থাকছেন এবারও। স্কালোনির হিসাব অনুযায়ী, ২৬ সদস্যের চূড়ান্ত দলে এখনো ছয়টি জায়গা খালি রয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের জানিয়েছে, ইতোমধ্যে স্কালোনির তালিকায় আছেন- দিবু মার্টিনেজ, গেরোনিমো রুলি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালেরদি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, এক্সেকিয়েল পালাসিওস, জুলিয়ানো সিমিওনে, এনজো ফের্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভান্নি লো চেলসো, থিয়াগো আলমাদা, নিকো গনসালেস, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজ।
ওয়ালটার বেনিতেজ শুরুতে এগিয়ে থাকলেও ক্রিস্টাল প্যালেসে নিয়মিত খেলতে না পারায় তার অবস্থান দুর্বল হয়েছে। দুর্দান্ত ফর্মে থাকা ফাকুন্দো ক্যাম্বেসেসের সাম্প্রতিক অভিষেক হয়েছে। বিকল্প হিসেবে আছেন আগুস্তিন রসি, যিনি ফ্ল্যামেঙ্গোর হয়ে কোপা লিবার্তাদোরেস জিতেছেন। সেন্টার–ব্যাকে হিসেবে চোট কাটিয়ে মাঠে ফেরা লিসান্দ্রো মার্টিনেজ এবং বহুমুখী ডিফেন্ডার হুয়ান ফয়থ এগিয়ে। তবে প্রতিযোগিতায় আরও আছেন মার্কোস সেনেসি, নেহুয়েন পেরেস ও লাওতারো রিভেরো।
লেফট-ডিফেন্সে তাগলিয়াফিকোর ব্যাকআপ হিসেবে লড়াই করছেন তিনজন- ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনা এবং অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক হুলিও সোলের। মিডফিল্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনিবাল মোরেনো, গুইডো রদ্রিগেজ, মাক্সিমো পেরোনে ও আলান বারেলা। এছাড়া লেফট–সাইডে খেলতে পারার কারণে ভ্যালেন্টিন বারকোও আলোচনায়। তৃতীয় স্ট্রাইকার হিসেবে লাওতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের ব্যাকআপ হবেন হোসে মানুয়েল লোপেস, হোয়াকিন পানিচেল্লি অথবা ভ্যালেন্টিন কাস্তেয়ানোস।
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার সামনে মাত্র চারটি ম্যাচ আছে। তাই স্কালোনির হাতে সময় খুব কম। মার্চে ফিনালিসিমায় স্পেনের বিপক্ষে একটি ম্যাচ ও একটি বা দুইটি প্রীতি ম্যাচ এবং জুনে যুক্তরাষ্ট্রে আরও দুটি প্রস্তুতি ম্যাচ তারা খেলবে। এর পরই বিশ্বকাপ শুরু হবে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। বিশ্বকাপের আগে বাকি ছয়জন বাছাই করতে স্কালোনিকে অত্যন্ত সতর্ক হতে হবে। কাতারের শিরোপা জয়ের পর এবার আর্জেন্টিনার লক্ষ্য ইতিহাসের তৃতীয় দল হিসেবে ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জয়।