ঝিনাইদহ

মাঠ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাঠ থেকে ওমর শেখ নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের মাঠে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওমর শেখ (৩২) উপজেলার বেলাট গ্রামের বাসিন্দা, পেশায় স্যালোইঞ্জিন চালিত নসিমন চালক।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় ওমর শেখ তার নিজ বাড়ি থেকে নসিমন গাড়ি নিয়ে বের হন। বৃহস্পতিবার সকালে চিনিকল ফার্মের মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

হত্যাকাণ্ডের কারণ এখনই বলা যাচ্ছে না। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।