সাইবার নিষেধাজ্ঞা বাড়ালো মস্কো

রাশিয়া বিদেশি প্রযুক্তি প্ল্যাটফর্মের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে স্ন্যাপচ্যাট এবং অ্যাপলের ভিডিও কলিং সেবা ফেসটাইম–এর অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে। দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা রস্কোমনাডজর বলেছে, প্ল্যাটফর্মগুলো দেশভিত্তিক সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত ও পরিচালনা এবং অপরাধের জন্য ব্যবহার করা হচ্ছিল।

নিয়ন্ত্রক সংস্থা জানায়, পদক্ষেপটি ১০ অক্টোবর কার্যকর হলেও ঘোষণা দেওয়া হয়েছে এই সপ্তাহে। এ বিষয়ে অ্যাপল বা স্ন্যাপচ্যাট-এর মূল কোম্পানি স্ন্যাপ ইঙ্ক. কোনো মন্তব্য করেনি।
 
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর বিদেশি টেক প্ল্যাটফর্মের ওপর ক্র্যাকডাউন আরও তীব্র হয়েছে। এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, সিগনাল, ভাইবারসহ নানা প্ল্যাটফর্ম আগেই দেশে ব্লক করা হয়েছে। ইউটিউবে গত বছর ইচ্ছাকৃতভাবে ধীরগতি আনার অভিযোগও উঠেছিল। 

ভিপিএন সেবাগুলোও ক্রমশ নিষিদ্ধ করা হচ্ছে, ফলে বিকল্প ব্যবহার কঠিন হয়ে পড়ছে। এদিকে ক্রেমলিন নিজস্ব জাতীয় ম্যাসেজিং অ্যাপ 'ম্যাক্স' জোরালোভাবে প্রচার করছে, যা সব নতুন মোবাইল ও ট্যাবলেটে বাধ্যতামূলক করা হয়েছে। সমালোচকদের আশঙ্কা, অ্যাপটি ব্যবহারকারীদের ওপর রাষ্ট্রীয় নজরদারি আরও বাড়াতে পারে, কারণ ডেভেলপাররা কর্তৃপক্ষের অনুরোধে তথ্য শেয়ার করার কথা প্রকাশ্যেই স্বীকার করেছে।