কালীগঞ্জ 

মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, গ্রেপ্তার ২ 

গাজীপুরের কালীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির এক মোটর সাইকেলে ধাক্কায় জসীমউদ্দীন নামে এক ব্যক্তি  নিহত হয়েছেন। এঘটনায় জড়িত নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কালীগঞ্জ পৌরসভার দূরবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আটকরা হলেন ওই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে ফেরদৌস (২২) ও আবু হানিফের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২৩)।

নিহত জসীমউদ্দীন (৫৫) কুমিল্লার হোমনার তিতিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আয়ুবুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পথচারী জসীমউদ্দীন কালীগঞ্জ ও বক্তারপুর সড়ক পার হওয়ার সময় নম্বর বিহীন দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী দুইজনকে আটক করেছে পুলিশ।