এটাই কি অ্যাশেজ ইতিহাসের সেরা ক্যাচ?

ব্রিসবেনে চলমান অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অসাধারণ এক ক্যাচ নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। আজ শুক্রবার গ্যাবায় পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিনে জোফরা আর্চারকে আউট করতে লাবুশেন যে দৃষ্টিনন্দন ডাইভিং ক্যাচ নিলেন, তা অনেকের চোখে অ্যাশেজ ইতিহাসের অন্যতম সেরা আউটফিল্ড ক্যাচ।

দিনের মাত্র তৃতীয় ওভারে ব্রেন্ডন ডগেটের শর্ট বল খেলতে গিয়ে আর্চার বড় শট খেলার চেষ্টা করেন। কিন্তু টাইমিং ঠিক না হওয়ায় বল উড়ে যায় ডিপ ফাইন লেগের ফাঁকা এলাকায়। সেখান থেকে মিডউইকেট অঞ্চল থেকে দৌড়ে এসে লাবুশেন পুরো শরীর মাটির সমান্তরালে ছুঁড়ে এক হাতে বলটি লুফে নেন। পড়ে যাওয়ার পরও হাত বাড়িয়ে বল নিয়ন্ত্রণে রাখেন তিনি। এই ক্যাচে ভেঙে যায় জো রুট ও আর্চারের ৬০ রানের শেষ উইকেট জুটি। আর্চার করেন ৩৬ বলে ৩৮ রান।

এই ক্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। ক্রিকেট অস্ট্রেলিয়াও তুলনা টানতে শেয়ার করেছে ২০০২ অ্যাডিলেড টেস্টে গ্লেন ম্যাকগ্রার নেওয়া মাইকেল ভনের সেই বিখ্যাত ডাইভিং ক্যাচের ভিডিও।২৩ বছর আগের সেই টেস্টে শেন ওয়ার্নের বল স্কয়ার লেগে উড়িয়ে মেরেছিলেন ভন। বেশ খানিকটা দৌড়ে সামনে শরীর ছুড়ে দিয়ে এক হাতে ক্যাচ নিয়েছিলেন ম্যাকগ্রা। এতদিন সেই ক্যাচটিকেই অ্যাশেজের ইতিহাসে সেরা বলে মনে করা হতো।

ব্রিসবেনে ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩৩৪ রানে। ইংল্যান্ড এর আগে পিঙ্ক বল অ্যাশেজে কখনো এত রান করতে পারেনি। জো রুট ১৫ চার ও এক ছক্কায় ১৩৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার জ্যাক ক্রলি খেলেন ৭৮ রানের ইনিংস। অন্যদিকে অজি পেসার মিচেল স্টার্ক ২০ ওভারে মাত্র ৭৫ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট। এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে লিড নিয়েছে। ৭৩ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৩৭৮ রান।