স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ৭২ ঘণ্টার সময় দিয়ে দুইদিনের দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
শুক্রবার রাতে এই বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি খাজা মঈন উদ্দিন মঞ্জু এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের দাবির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিবাচক মতামত দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছে। মন্ত্রণালয়ের সম্মানে আমরা তিনদিন সময় দিয়েছি। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী বুধ এবং বৃহস্পতিবার দুই ঘণ্টা করে স্ব স্ব প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়নে ৩০ নভেম্বর তারা দুই ঘণ্টা এবং ৩-৪ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি পালন করে। শুক্রবার তাদের কর্মসূচি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে।
দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মাদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি বলা হয়, গত কয়েকদিনের কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচিতে জরুরি স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। সেবাপ্রার্থী সাধারণ মানুষ অবর্ণনীয় কষ্ট ও দুর্ভোগের স্বীকার হচ্ছেন। দাবি আদায়ের নামে রোগীদের জিম্মি করা স্বাস্থ্যসেবার মতো মহান পেশায় নিয়োজিত সেবাপ্রদানকারীদের কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দাবির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় সকল কর্মকাণ্ড ইতিবাচকভাবে সম্পন্ন করে সংশ্লিষ্ট পক্ষসমুহকে অবহিত করেছে। এই দাবি বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মনোভাবও ইতিবাচক এবং তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই অবস্থায় কর্মবিরতির নামে রোগীদের সেবাবঞ্চিত করার পথ পরিহার করে অবিলম্বে কাজে যোগদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় এ ধরনের অত্যাবশ্যকীয় সেবা বন্ধের মতো জনস্বার্থ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘যেহেতু এটি দীর্ঘদিনের সমস্যা, কাজেই তা সমাধানের জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।’ এরপর এবিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার বিকাল সাড়ে চারটায় বৈঠকে বসে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।