খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কখন বিদেশ নেওয়া হবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তার শারীরিক অবস্থার বিবেচনা করে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড। তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। এ কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ শনিবার বিকেলে বিরিফিংয়ে তিনি আরও বলেন, শুক্রবার লন্ডন নেওয়ার কথা থাকলেও কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসেনি এটা যেমন সত্য, মেডিক্যাল বোর্ডও দেশনেত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় ওই মুহূর্তে ফ্লাই করা সঠিক হবে না বলেই মনে করেছেন। এ জন্যই বিদেশ নেওয়া বিলম্বিত হচ্ছে।
ডা. জাহিদ আরও জানান, মেডিক্যাল বোর্ড দৃঢ়তার সঙ্গে চিকিৎসা দিচ্ছে। আপাতত খালেদা জিয়ার সুচিকিৎসা ও স্বাস্থ্য নিরাপত্তা প্রাধান্য পাচ্ছে। মেডিক্যাল বোর্ড যখন মনে করবে সেফলি ট্রান্সফার করা সম্ভব তখনই লন্ডন নেওয়া হবে।