চবিতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এক ফটোকপি দোকানে অভিযান চালিয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে লেডিস ঝুপড়ির একটি ফটোকপি দোকানে অভিযান চালানো হয়।

পরীক্ষার্থীদের অভিযোগ, এই ফটোকপি দোকানে ফটোকপি খরচ স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ রাখা হয়েছে। সাধারণত একটি ডকুমেন্টস কপি করতে অন্যান্য দোকানে ৫ টাকা নেওয়া হলেও লেডিস ঝুপড়ির এই দোকানে পরীক্ষার দিনে পরীক্ষার্থীদের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। অভিযোগের সত্যতা নিশ্চিতের পর দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং দোকানদারকে জিজ্ঞাসাবাদ করে প্রক্টরিয়াল বডি।

এ বিষয়ে সরকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, পরীক্ষার্থীদের সরলতার সুযোগে বাড়তি টাকা নেওয়া গুরুতর অনিয়ম এবং এটি শুধুমাত্র একটি দোকানের সমস্যা নয়। সব দোকানদারের জানা উচিত যে পরীক্ষাকেন্দ্রে এমন আচরণ সহ্য করা হবে না। আমরা দুইটা শর্ত দিয়েছি দোকান বন্ধ করতে হবে অথবা যে ছেলেটা অতিরিক্ত ফি নিয়েছে তাকে পরিবর্তন করতে হবে। তারা দ্বিতীয় শর্তটি মেনে নিয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি যাচাই করতে একজন সহকারী প্রক্টর ফোন দিলে দোকানদার তার সঙ্গে অসভ্য আচরণ করেন। বিষয়টি প্রশাসন আরও গুরুত্বের সঙ্গে দেখছে।