ব্রেন স্ট্রোকে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একজন শিক্ষার্থী। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের ছাত্র জীবক চাকমা। রবিবার (১২ এপ্রিল) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জীবক চাকমা নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং রাঙামাটির নানিয়ারচর উপজেলার রবিলেন্দু চাকমা ও রেনুকা চাকমার সন্তান।
সহপাঠীদের সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে জীবক চাকমা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে চবি মেডিক্যাল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব চৌধুরী বলেন, “আজ সকাল বেলা এই শিক্ষার্থীকে মেডিক্যালে আনা হয়। সে স্ট্রোক করতে পারে বলে আমরা ধারণা করেছি। তখন তার কোন জ্ঞান ছিল না। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এই শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে বলে জানতে পেরেছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ও নৃবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি ড. আনোয়ার হোসেন বলেন, “তার এই আকস্মিক মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল, আগামী ১৬ এপ্রিল থেকে তার পরীক্ষা হওয়ার কথা ছিল। এই অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “আজকে সকালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বন্ধুরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, আমরা এমনটাই জানতে পেরেছি।”
সশস্ত্র বাহিনী কোন দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী