ঢাকায় ভারতীয় হাই কমিশন ভারতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মৈত্রী দিবস ২০২৫ এর ৫৪তম বার্ষিকী উদযাপন করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বীকৃতি প্রদানের দিনটিকে স্মরণ করে মৈত্রী দিবস পালন করা হয়। যা বাংলাদেশ মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক স্বীকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, এই দিনটি ভারত ও বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য মাইলফলক। তিনি বলেন, ভারত বাংলাদেশকে সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধার উপর দাঁড়িয়ে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যতমুখী ও পরস্পর-লাভজনক সম্পর্ক দিতে চায়। যেখানে দুই দেশের মানুষেরাই প্রধান অংশীদার।
তিনি আশা প্রকাশ করেন যে, অতীতের যৌথ ত্যাগের প্রেরণায় এবং ভবিষ্যতের নতুন আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে।
অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়। এতে ছিল ‘৭১ ইন সাইলেন্স’ থিয়েটার পরিবেশনা, সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্য প্রদর্শনী এবং জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীনের সঙ্গীত পরিবেশনা হয়।
মুক্তিযোদ্ধা, সংস্কৃতি কর্মী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেয়।
ইতিহাসের স্মরণকে ছাড়িয়ে, মৈত্রী দিবস দুই প্রতিবেশী দেশের অভিন্ন ইতিহাস, মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতার প্রতীক। এর উদযাপন দুই দেশের যৌথ ত্যাগের প্রতি শ্রদ্ধা এবং ভারত-বাংলাদেশের ভবিষ্যৎ অংশীদারিত্বের প্রতি নতুন অঙ্গীকারের প্রকাশ।