আলজেরিয়ার কোচ পেটকোভিচ আমার পরিচিত, লাৎসিওতে তিনি আমার কোচ ছিলেন। তিনি দারুণ দল তৈরি করেছেন। অস্ট্রিয়া চমৎকার বাছাইপর্ব খেলেছে। গ্রুপে জর্ডানের বিষয়ে খুব একটা জানি না আমরা। ওরা এখানে এসেছে যোগ্যতার ভিত্তিতেই। কোনো ম্যাচই সহজ নয়
লিওনেল স্কালোনি, আর্জেন্টিনা কোচ
তিনটি ম্যাচেই আমাদের জিততে হবে। মরক্কো গ্রুপের সবচেয়ে কঠিন দল, তবে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। ড্র হয়তো আরও সহজ হতে পারত। আমাদের লক্ষ্য পরিষ্কার, গ্রুপে প্রথম হওয়া।
কার্লো আনচেলত্তি, ব্রাজিল কোচ
একদমই সহজ গ্রুপ বলা যাবে না তবু ঠিক আছে। আমরা গ্রুপের প্রতিটি ম্যাচই জিততে চাই। সবচেয়ে বড় বিষয় হলো গ্রুপ থেকে নকআউট রাউন্ডে যেতে আগে প্রথম ধাপ নিয়েই ভাবতে হবে। প্রতি দলেরই সম্মান প্রাপ্য। কুরাসাওকে নিয়ে বিশ্লেষণ করাটা দারুণ হবে তবে আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। আইভরি কোস্টের বেলায়ও তাই। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ সহজ হবে না।
জুলিয়ান নাগেলসমান, জার্মানি কোচ
কঠিন গ্রুপ, প্রথম ম্যাচটাও কঠিন। ক্রোয়েশিয়া ও ঘানা নিয়মিতই বিশ্বকাপে খেলে, তারা শক্তিশালী দল। এই মুহূর্তে পানামার বিষয়ে খুব একটা জানি না। তবে টুর্নামেন্ট শুরুর আগে তাদের বিষয়েও ধারণা পাব। আমার চ্যাম্পিয়নস লিগে গ্রুপে খেলার অভ্যাস আছে তাই বেশ আত্মবিশ্বাসী আমরা
টমাস টুখেল, ইংল্যান্ড কোচ
ব্রাজিলের বিপক্ষে খেলা সবার স্বপ্ন। এটা আমাদের জন্য সম্মানের। ব্রাজিল ফুটবলের দেশ, আর মরক্কানদের জন্য তারা একটা উদাহরণ। স্কটল্যান্ডের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। সত্যি বলতে, দারুণ এক লড়াই হবে।
ওয়ালিদ রেদরাগুই, মরক্কো কোচ
কঠিন গ্রুপ। মুখোমুখি লড়াইটা (এমবাপ্পে-হালান্ড) উপভোগ্য হবে। দুই দলেই আরও তারকা আছেন। তবে এমবাপ্পে আর হালান্ডকে বিশ্ব ভালো করে চেনে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়েও থাকবেন তারা দুজন। সেনেগালও প্রতিযোগিতামূলক একটি দল
দিদিয়ের দেশম, ফ্রান্স কোচ
কলম্বিয়া দলগত ফুটবল খেলে। তাদের এমন খেলোয়াড় আছে যারা ভিন্ন স্টাইলে খেলে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে। কলম্বিয়া দলে এমন খেলোয়াড় আছেন যারা ইউরোপের ক্লাব ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উজবেকিস্তান সম্পর্কে ধারণা কম। তবে যেহেতু তাদের কোচ ফাবিও কানাভারো, তারা বিশ্বাস করে যে কোনো কিছু করতে পারে। পর্তুগাল (বিশ্বকাপে) ফেভারিট নয়, যারা অতীতে এই ট্রফি জিতেছে তারাই ফেভারিট
রবার্তো মার্তিনেজ, পর্তুগাল কোচ
৪৮ দলের টুর্নামেন্টে কোনো প্রতিপক্ষই সহজ নয়। কেপ ভার্দে প্রথমবার খেলছে বিশ্বকাপে। নতুনরা উদগ্রীব থাকে ভালো খেলার জন্য। সৌদি আরব (২০২২ সালে) আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। আমাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ উরুগুয়ের জন্য প্রস্তুতিটা নিতে হবে, প্রথম দুই ম্যাচের ফলাফলের ভিত্তিতে
দে লা ফুয়েন্তে, স্পেন কোচ