পরাজয় দিয়ে আইএল টি-টোয়েন্টি লিগ শুরু করলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। তবে ব্যক্তিগত পারফর্মেন্সে তিনি ছিলেন উজ্জ্বল। অভিষেক ম্যাচেই বল হাতে ৪ ওভারে ২৬ দিয়ে নিয়েছেন ২টি উইকেট। ফিল্ডিংয়ে নিয়েছেন দুটি ক্যাচ। তবে তার দল দুবাই ক্যাপিটালস ৪ উইকেটে হেরে গেছে গালফ জায়ান্টসের কাছে।
শনিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে দুবাই ক্যাপিটালস তুলেছিল ১৬০ রান। সেই রান তাড়া করতে নেমে গালফ জায়ান্টস জিতেছে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের করা প্রথম বলেই গালফ ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান মোস্তাফিজ। ওই ওভারে তার খরচ ১১ রান।
পাওয়ার প্লের শেষ ওভারে মোস্তাফিজের বলে ক্যাচ তুলেছিলেন জেমস ভিন্স। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভিড উইলি ক্যাচ নিতে ব্যর্থ হলে বল বাউন্ডারি পেরিয়ে যায়। সেই ওভার থেকে আসে ১০ রান। জীবন পাওয়া ভিন্সই পরে ফিফটি করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১২তম ওভারে এসে মাত্র ২ রান দিয়ে মোস্তাফিজ তুলে নেন ফিফটি করা পাতুম নিশাঙ্কার উইকেট। এরপর ১৬তম ওভারে দেন মাত্র ৩ রান।