বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক, সিদ্ধান্তের অপেক্ষায় মোবাইল ব্যবসায়ীরা

সিন্ডিকেট প্রথা বিলোপ, মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্তকরণ ও এনইআইআর সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ের সামনে অবস্থান করছেন মোবাইল ব্যবসায়ীরা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’। বৈঠক শেষে বিটিআরসির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন মোবাইল ব্যবসায়ীরা।

আজ রবিবার (৭ ডিসেম্বর) বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে এ কথা জানান মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’র সভাপতি মো. আসলাম।

তিনি বলেন, আমরা বিটিআরসির চেয়ারম্যান সঙ্গে বৈঠক করে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। আমাদের দাবিগুলো তারা শুনেছেন। এখন তারা বৈঠক করে সন্ধ্যা ৬টায় আমাদের তাদের সিদ্ধান্ত জানাবেন। এই সময় পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। তবে তাদের কথায় আমরা আশাহত হয়েছি।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা জড়ো হতে থাকেন। একইসঙ্গে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে।

এরও আগে গত ৩০ নভেম্বর দাবি আদায়ে সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে গত ২৯ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয় এমবিসিবি।