দুই বছরের মধ্যে প্রথমবার ফিলিস্তিনের বেথলেহেমে ক্রিসমাস ট্রির আলো জ্বলে উঠেছে, যিশুর জন্মস্থলে ক্ষণিকের আনন্দ ফিরিয়ে আনতে। শনিবার (৬ ডিসেম্বর) শহরের ম্যানজার স্কয়ারে ট্রি আলোকিত করার মাধ্যমে বড়দিনের উদযাপন শুরু করেন স্থানীয়রা। বছরের এই সময়ে কেবল ধর্মীয় অনুষ্ঠান ও স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত হয় এই ক্ষুদ্র ট্রি-লাইটিং অনুষ্ঠান।
স্থানীয়রা জানিয়েছেন, উদযাপনটি দ্বৈত অর্থ বহন করে। উৎসবের আনন্দ এবং ইসরায়েলি অবরোধের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা। তবে গাজা ও বেথলেহেমে চলমান সংঘর্ষ ও অর্থনৈতিক সংকটের কারণে উৎসবের আনন্দ কিছুটা মলিন।
এভাঞ্জেলিক লুথারান ক্রিসমাস চার্চের পাদ্রী রেভারেন্ড মুন্থার আইজ্যাক বলেন, 'বেথলেহেম আলোকিত, ট্রি জ্বলে উঠেছে, কিন্তু প্রত্যেক ফিলিস্তিনির হৃদয়ে গভীর শোক। উদযাপনের মাধ্যমে তারা বলছে, আমরা এখনও বেঁচে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে'।
বেথলেহেমের মেয়র মাহের এন কানাওয়াতি বলেন,দীর্ঘ অন্ধকারের পর শহরের আলোকসজ্জা পুনঃস্থাপন করা হয়েছে । তিনি শহর পরিদর্শন করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে বিশ্বব্যাপী পর্যটকদের আহ্বান জানান।
পোপ লিওর পক্ষ থেকে শহরের বাসিন্দাদের জন্য প্রেরিত বার্তায় বলা হয়েছে, তিনি বেথলেহেমকে তাঁর হৃদয়ে ধারণ করেছেন এবং ফিলিস্তিনিদের কষ্ট শেষ করার জন্য প্রার্থনা করছেন।
