পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ

হারে সিরিজ শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে এগিয়ে গেলো বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ দল। 
কক্সবাজার একাডেমি মাঠে রবিবার তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। 

ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। অধিনায়ক ইমা নাসের ঝড়ো ব্যাটিংয়ে আভাস দেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ বলে ২৩ রান করে ফেরেন তিনি। এছাড়া টপ-মিডল অর্ডার থেকে আর তেমন কিছু পায়নি পাকিস্তান। ১৪ রান করতে ৩৩ বল খেলেন জুফিশান আয়াজ। শেষ দিকে মেমুনা খালিদ ১৮ ও মাহনুর জেব ১২ রান করে পাকিস্তানকে ৮৬ রানে নিয়ে যান। বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন হাবিবা ইসলাম পিংকি ও অতশি মজুমদার।

বাংলাদেশের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন হাবিবা ইসলাম পিংকি ও অতশি মজুমদার।

পরে রান তাড়ায় মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে পাল্টা আক্রমণ করেন অধিনায়ক সাদিয়া ইসলাম। ৩টি করে চার-ছক্কায় ২৮ বলে করেন ৩৫ রান। সাদিয়া ফেরার পর মাইমুনা নাহারকে নিয়ে দলকে জেতান অচেনা জান্নাত। তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩০ রান। অধিনায়ক সাদিয়ার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। 

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ এখন এগিয়ে ২-১ ব্যবধানে। একই মাঠে বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।