নারী প্রার্থী ৩ জন

শাকসু নির্বাচনে শিবিরের ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনে অংশ নিতে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে নিজস্ব প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। প্যানেলে মোট তিনজন নারী প্রার্থী স্থান পেয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের সদস্যদের পরিচয় তুলে ধরে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন জুলাই আন্দোলনের শাবিপ্রবি সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবিরের শাবিপ্রবি শাখার অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন শাখার মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শাকিল আহমদ।

অন্যান্য পদে যারা মনোনীত হয়েছেন—

ক্রীড়া সম্পাদক পদে মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক আহমেদ বিন কেফায়েত, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইব্রাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক আসিফ ভূইয়া, সমাজসেবা সম্পাদক আজাদ শিকদার, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে ইসলামী ছাত্রী সংস্থার শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম।

এ ছাড়া স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে আছেন আলী আব্বাস শাহীন, শিক্ষা–গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক শামছুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু, পরিবহন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌরভ, ক্যাফেটেরিয়া–ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান এবং আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন বোরহান উদ্দিন।

প্যানেলের সদস্য হিসেবে রয়েছেন ইসলামী ছাত্রী সংস্থার শাবিপ্রবি শাখার সেক্রেটারি সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান এবং জামিলুর রেজা সৈকত।