বগুড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ আহত

বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ি রিয়াদকে (২৫) আটক করতে গিয়ে এটিএসআই বাবর আলী নামে এক পুলিশ সদস্য ছুরিকাঘাতের শিকার হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বনানী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফরহাদ মন্ডল।

আহত পুলিশ সদস্য হলেন, বগুড়া সদর থানার অন্তর্ভুক্ত বনানী পুলিশ ফাঁড়ীর এটিএসআই বাবর আলী। অভিযুক্ত মাদক ব্যবসায়ী রিয়াদ শহরের রহমান নগর এলাকার সালামের ছেলে রিয়াদ (২৫)। এর আগে রিয়াদকে আধুনিক বার্মিজ চাকু এবং চাইনিজ একটি কুড়ালসহ আটক করে চালান দিয়েছিল পুলিশ।

বনানী পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে রবিবার সন্ধ্যা ৭টার দিকে একজন কনস্টেবলকে সাথে নিয়ে শহরে রহমান নগর এলাকার রিয়াদ নামের এক মাদক ব্যবসায়িকে আটক করতে যায় বনানী ফাঁড়ি পুলিশের এটিএসআই বাবর আলী।

এ সময় মাদক ব্যবসায়ী রিয়াদকে পুলিশ আটক করলে তার কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে বাবর আলীর শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। তার শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করেছে আসামি।

ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, রিয়াদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে এলাকায়। পরে জামিনে বের হয়ে এসে আবারো এলাকায় মাদকের নিয়ন্ত্রণ নিচ্ছিল। অভিযুক্ত রিয়াদকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। আহত পুলিশ সদস্য বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।