খুলনার চাঁদাবাজ চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার

যশোর শহরের অভিযান চালিয়ে খুলনার সোনাডাঙা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে রবিবার (৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার পলাশ (৩৪)  খুলনার বটিয়াঘাটা উপজেলা গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোপন খবরে জানতে পারেন যে খুলনার অন্যতম ও পলাতক আসামি চিংড়ি পলাশ তার সহযোগীদের নিয়ে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করছে। পরে একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, চিংড়ি পলাশ দীর্ঘদিন ধরে খুলনা এবং আশপাশের জেলাগুলোর চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে সোনাডাঙা থানায় হত্যা মামলা রয়েছে ৮টি। এছাড়া মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

২০২৪ সালের ২৯ ডিসেম্বর নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে স্ত্রীসহ মাদক মামলায় গ্রেপ্তার হয় পলাশ। চার মাস আগে জামিনে বেরিয়ে পুনরায় চাঁদাবাজি করার অভিযোগ ওঠে।