নাঙ্গলকোট থানার নতুন ওসির যোগদান

কুমিল্লার নাঙ্গলকোট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন আরিফুর রহমান। নোয়াখালীর কোম্পানীগঞ্জে জন্ম নেওয়া এ পুলিশ কর্মকর্তা ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ দুই দশকের পেশাগত অভিজ্ঞতায় তিনি বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

নতুন ওসিকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা—তিনি দায়িত্বশীল, ন্যায়নিষ্ঠ ও জনবান্ধব পুলিশিং-এর মাধ্যমে নাঙ্গলকোটকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার মতো অপরাধ থেকে মুক্ত রাখবেন। সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করবেন বলেও আশা করেন স্থানীয়রা। 

স্থানীয় সুধীজনদের ভাষ্য, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে ওসি আরিফুর রহমান থানার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবেন। এতে এলাকার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।

দায়িত্ব গ্রহণের পর ওসি আরিফুর রহমান বলেন, নাঙ্গলকোটকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ামুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন—এলাকাবাসীর সেই সহায়তাই আমি কামনা করছি।