বাংলাদেশের টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়ার মাঠে লাল বলের ক্রিকেট খেলার সুযোগ এসেছে মাত্র একবার। ২০০৩ সালে অনুষ্ঠিত সেই সফরে মেলবোর্ন বা অ্যাডিলেডের মতো ঐতিহ্যবাহী ভেন্যু নয়, তুলনামূলক নতুন ডারউইন ও কেয়ার্নসেই আয়োজন করা হয়েছিল দুই টেস্ট। প্রায় ২২ বছর পর ২০২৬ সালে আবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। আর এই সিরিজকেও নিয়ে নতুন ভেন্যুর চিন্তা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
২০২৬ সালের অগাস্টে নির্ধারিত দুই ম্যাচের টেস্ট সিরিজটি অস্ট্রেলিয়ার গ্রীষ্ম শুরুর আগেই হওয়ায় প্রধান ভেন্যুগুলোর সময়সূচি খালি পাওয়া কঠিন। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইট জানাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের জন্য কুইন্সল্যান্ডের ম্যাকেতে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাকে সম্ভাব্য নতুন টেস্ট ভেন্যু হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। এটি হলে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যুর অভিষেক ঘটবে।
যদিও সিরিজের ভেন্যু এখনো চূড়ান্ত করা হয়নি, রিফ অ্যারেনার পাশাপাশি তালিকায় রয়েছে কেয়ার্নস ও ডারউইন; যেখানে আগেও বাংলাদেশ খেলেছে। এছাড়া টাউনসভিলও বিকল্প হিসেবে আছে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সারা বছর উষ্ণ আবহাওয়া বিরাজ করায় শীতকালেও খেলা আয়োজন করা সম্ভব, আর ক্রিকেট অস্ট্রেলিয়া সেখান থেকেই উপযুক্ত জায়গা বেছে নিতে চায়।
ক্রিকেট নর্দার্ন টেরিটরির প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি কিছুদিন আগে ক্রিকেট ডটকম ডট অস্ট্রেলিয়াকে বলেছেন, ডারউইন একটি টেস্ট আয়োজনের সুযোগ পাবে বলে তিনি আশাবাদী।
২০২৬-২৭ মৌসুম অস্ট্রেলিয়া পুরুষ দলের জন্য ব্যতিক্রমী হতে যাচ্ছে, কারণ এই সময়ে প্রচলিত গ্রীষ্মকালীন সূচিতে মাত্র চারটি টেস্ট আছে, যেগুলো নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত হবে। এছাড়া ২০২৭ সালের মার্চে এমসিজিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আরও একটি টেস্ট ম্যাচ নির্ধারিত।
এই সূচির কারণে ১৯৭৬-৭৭ সালের পর প্রথমবারের মতো ব্রিসবেনের গ্যাবায় কোনো টেস্ট হচ্ছে না। তবে কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি জানিয়েছেন, রাজ্যটি পুরোপুরি বাদ পড়ছে না। তার ভাষায়, ব্রিসবেনে ম্যাচ না হলেও রাজ্যের অন্য ভেন্যু টেস্ট পেতে যাচ্ছে, যা হতে পারে ম্যাকে বাংলাদেশের বিপক্ষে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ডারউইন ও কেয়ার্নসের সঙ্গে তিনটিতেই দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ম্যাকাই ভেন্যু ইতোমধ্যে আধুনিকায়নের জন্য ২০ মিলিয়ন ডলারের রাজ্য সহায়তা পেয়েছে, যেখানে নতুন গ্র্যান্ডস্ট্যান্ড, সম্প্রচার সুবিধা ও উন্নত প্রশিক্ষণ অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।
এই মাঠে এর আগে অস্ট্রেলিয়া পুরুষ দলের দুটি ওডিআই ছাড়াও ২০২৪ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নারী দলের দুটি টি-টোয়েন্টি এবং ২০২১ সালে অস্ট্রেলিয়া ও ভারতের নারী দলের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিল।