'স্টোকসরা কাউকে শুনতে চায় না', ইংল্যান্ডের কড়া সমালোচনা বয়কটের

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম

অ্যাশেজ ২০২৫–২৬ সিরিজে টানা দুই টেস্টে একপেশে হার। মাঠের পারফরম্যান্সের মতোই সমালোচনার ঝড় বইছে ইংল্যান্ড শিবিরকে ঘিরে। ইংলিশ কিংবদন্তী জিওফ্রে বয়কট এবার সরাসরি খুলে আক্রমণ করলেন বেন স্টোকসদের ওপর।

স্টোকস দাবি করেছিলেন, অস্ট্রেলিয়া সফরের জন্য ইংল্যান্ডের একটি শক্তিশালী ‘ব্লুপ্রিন্ট’ তৈরি ছিল। অন্যদিকে কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেন, এ সিরিজের জন্য তারা নিজেদের ‘ওভারপ্রিপেয়ার্ড’ মনে করছেন। বয়কট এসব মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং স্পষ্ট ভাষায় তা ‘নিরর্থক’ বলে চিহ্নিত করেছেন।

টেলিগ্রাফে নিজের কলামে বয়কট লেখেন, “স্টোকস বলছে ইংল্যান্ডের নাকি ব্লুপ্রিন্ট আছে। চার বছর ধরে পরিকল্পনা। কী ভয়ানক বাজে কথা! তাদের মুখ থেকে কী বেরোয়, আর কী বিশ্বাস করা যায়?”

তার মতে, স্টোকস–ম্যাককালাম যুগের ইংল্যান্ড শুধু নিজেদের কথাই শোনে, দলের বাইরে কারও মতামত বা অভিজ্ঞতার মূল্য নেই। বয়কট লিখেছেন, “এ দলটা কাউকেই শুনতে চায় না। মনে করে আধুনিক টেস্ট ক্রিকেটে কীভাবে খেলতে হয় সেটা শুধু ওরাই জানে।”

সাবেক এই ওপেনারের ভাষ্য, প্রতিযোগিতামূলক ম্যাচ ক্রিকেটের বিকল্প নেই। অস্ট্রেলিয়ার কন্ডিশনে কী লেংথে বল করতে হয়, কোন শট মানানসই, কোনগুলো এড়িয়ে চলা জরুরি—এসব শেখা যায় শুধু ম্যাচের মধ্যেই। “বুঝতেই পারছি না, এই দলে কে খেলোয়াড়দের ভুল ধরিয়ে দেয়। কেউ যেন নেই যে বসে তাদের বলে দেয়, কোথায় ভুল হলো বা কীভাবে ভালো করা যেত।”

স্টোকস–ম্যাককালাম যুগে দলের বার্তা সবসময়ই এক: ‘আক্রমণ চালিয়ে যাও’ এবং ‘নিজেদের ওপর বিশ্বাস রাখো’। বয়কট মনে করেন, এই একমাত্রিক দৃষ্টিভঙ্গি দলকে বিপদে ফেলছে।

তিনি যোগ করেন, “আমার ইয়র্কশায়ার অধিনায়ক ব্রায়ান ক্লোজ থাকলে কিছু শট খেলার পর ড্রেসিংরুমের সিঁড়িতেই দাঁড়িয়ে থাকত রাগে টগবগ করে, আর অপেক্ষা করত তোমাকে একটা ‘কড়া ধমক’ দেওয়ার জন্য।”

বোলিং নিয়ে ক্ষোভ

গ্যাবার পিংক বল টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড তুলেছিল ৩৩৪। কিন্তু তাদের বোলাররা অস্ট্রেলিয়াকে থামাতে ব্যর্থ হয়; স্কোরবোর্ডে ওঠে ৫১১ রান। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ড ছিল চাপের মধ্যে এবং ২৪১ রানে অলআউট হয়ে যায়, যার ফলে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল মাত্র ৬৫ রান।

বয়কটের চোখে ইংল্যান্ডের প্রথম ইনিংসের বোলিং ছিল সম্পূর্ণ ব্যর্থ।
“আমাদের বোলিং ছিল ভয়ানক। খুব বেশি ছোট লেংথে বল করা হয়েছে। থার্ডম্যান আর ফাইন লেগ দিয়ে ২৫০-এর বেশি রান গিয়েছে। অসির ব্যাটাররা নির্বিঘ্নে পুল, হুক, আপার-কাট করেছে; স্কোয়ার কাভারের ওপর দিয়েও মারা গেছে প্রচুর শট। যখন পিচ-আপ করেছে, তখন সেটা হয়েছে সহজ হাফ-ভলি।”

অস্ট্রেলিয়া মাত্র ১০ ওভারেই লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে, সিরিজে ২–০ ব্যবধান তৈরি করে। এখন সিরিজের তৃতীয় টেস্ট হবে অ্যাডিলেডে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত