ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ৪৫৫

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৪৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৯৮ জনের মৃত্যু হলো।

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, বরিশাল বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে তিনজন ও সিলেট বিভাগে ছয়জন রয়েছে।

মৃত্যুর ঘটনা দুটিই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ৯৬ হাজার ২৩২ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।