বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় গণদোয়া করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপি শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ার আয়োজন করে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়ায় সর্বস্তরের নেতাকর্মীরা ও জন সাধারণ উপস্থিত ছিলেন।
গণদোয়ায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে গণদোয়ায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, কাজী রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আসগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, জন সাধারণসহ প্রায় ১০ হাজার মানুষ গণদোয়ায় অংশ নেন। দোয়া পরিচালনা করেন বগুড়া জামিল মাদরাসার মুহতামিম মাওলানা আতাউল্লাহ নিজামী।
গণদোয়ার পূর্বে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচারে। বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী, তাকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে। এদেশের গণতন্ত্র রক্ষার জন্য জেল জুলুমকে উপেক্ষা করে লড়াই সংগ্রাম করেছেন। তিনি অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবারও দেশের হাল ধরবেন, সেই অপেক্ষায় সারা বাংলাদেশ।