মায়ামির কাছে হেরে মেসির শ্রেষ্ঠত্বে স্বীকারোক্তি থমাস মুলারের

মার্কিন মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির ইন্টার মায়ামির কাছে শিরোপা হাতছাড়া করার পর খোলামেলা মন্তব্য করেছেন জার্মান তারকা থমাস মুলার। ফাইনালে পরাজয়ের পর তিনি স্বীকার করেছেন—মেসির পারফরম্যান্সই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।

গত শনিবার অনুষ্ঠিত এমএলএস ফাইনালে ইন্টার মায়ামি মুলারের নেতৃত্বাধীন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। ম্যাচে তিনটি অ্যাসিস্ট করে দলকে নেতৃত্ব দেন আর্জেন্টাইন মহাতারকা মেসি।

ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুলার বলেন, “হ্যাঁ, সে তিনটি অ্যাসিস্ট করেছে—এটাই বড় ভূমিকা রেখেছে। তুমি প্রশ্ন করে কী পেতে চাইছ, জানি না। কিন্তু সত্যি হলো—তার তিন, আমার শূন্য। সে জিতেছে আর আমরা হারেছি। আগামী বছর আরও শক্তিশালীভাবে ফিরব।”

৩৬ বছর বয়সী এই জার্মান ফরোয়ার্ড জানান, মৌসুম শুরুর আগে বিশেষজ্ঞরা তাদের দলকে কনফারেন্সের দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রেখেছিলেন। কিন্তু দলটি প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে।

মুলার বলেন, “ইন্টার মায়ামি শক্তিশালী দল, কিন্তু তারপরও আমাদের সুযোগ ছিল। কয়েকটি স্পষ্ট সুযোগ গোল না হওয়ায় ম্যাচের ধারা পাল্টে যায়।” তার মতে, দ্বিতীয় গোল খাওয়ার পর দলের তরুণ খেলোয়াড়েরা কয়েক মিনিট ছন্দ হারিয়ে ফেলেছিল।

ফাইনালের আগে আলোচনায় ছিল মেসির বিপক্ষে মুলারের দুর্দান্ত রেকর্ড। এর আগে দশ মুখোমুখি লড়াইয়ে সাতটিতেই জয় পেয়েছিলেন জার্মান তারকা—যার মধ্যে আছে ২০১৪ বিশ্বকাপের ফাইনাল এবং বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৮–২ ব্যবধানে ঐতিহাসিক জয়।

বায়ার্নে ২৫ বছর কাটানোর পর এ মৌসুমে মেজর লিগ সকারে যোগ দেন মুলার। যোগদানের পর মেসিকে লক্ষ্য করে মজার ছলে তিনি বলেছিলেন—“আবার ধরব তোমাকে।” তবে শেষ পর্যন্ত সেই রেকর্ড ভাঙতে সক্ষম হন মেসি।