বিস্ফোরক সাক্ষাৎকারের জেরে দল থেকে বাদ সালাহ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহকে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দলে রাখেননি কোচ আর্নে স্লট। ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে ক্লাবকে উদ্দেশ করে সালাহর দেওয়া তীব্র সমালোচনামূলক সাক্ষাৎকারের পরই তাকে অস্থায়ীভাবে দল থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয় লিভারপুল।

গতকাল সোমবার সংবাদ সম্মেলনে স্লট বলেন, "সালাহর মন্তব্য আমাকে বিস্মিত করেছে। তবে আমি সবসময় বিশ্বাস করি—যেকোনো খেলোয়াড়ের ফিরে আসার সুযোগ থাকে।”

স্লট নিশ্চিত করেন যে সালাহ দলের সঙ্গে মিলানে ভ্রমণ করছেন না। আগামী শনিবার প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ম্যাচে তাকে বিবেচনা করা হবে কি না—তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ওই ম্যাচের পরই মিশরের হয়ে আফ্রিকান কাপ অব নেশনসে (এএফকন) খেলতে জাতীয় দলে যোগ দেবেন সালাহ।

এর আগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে পুরোটা সময় বেঞ্চে বসে থাকতে হয় সালাহকে। ম্যাচ শেষে তিনি অভিযোগ করেন, “আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। কোচের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”

এই মন্তব্য নিয়েই শুরু হয় বিতর্ক। সূত্র জানায়, বিষয়টি ক্লাব–কোচ–খেলোয়াড়ের যৌথ আলোচনার মাধ্যমেই সাময়িক নিষেধাজ্ঞায় গড়ায়, তবে সালাহর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তির ব্যবস্থা করা হয়নি।

ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েন রুনি সালাহর মন্তব্যকে “অপেশাদার ও অসম্মানজনক” হিসেবে আখ্যা দিয়েছেন। বিবিসিকে তিনি বলেন, “সালাহ লিভারপুলের হয়ে অবিশ্বাস্য ভূমিকা রেখেছেন। কিন্তু এমন মন্তব্য তার সতীর্থ, কোচ এবং সমর্থকদের প্রতি অসম্মান। এতে সে নিজের ঐতিহ্য নষ্ট করছে। এই বয়সে পারফরম্যান্স স্বাভাবিকভাবেই কমে। তা মেনে নিয়ে লড়াই করা উচিত। দলের বিপদে ভরসা হয়ে ওঠার বদলে সে নিজেই ক্লাবকে সমস্যায় ফেলেছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত