ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে আগুন লেগেছে। আগুনের কারণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। অনেকেই ভবনের মধ্যে আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তাদের উদ্ধার করার চেষ্টা করছেন।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে সেন্ট্রাল জাকার্তায় অবস্থিত ওই ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়।
ভবনের মধ্যে জাপানি ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টেরা ড্রোন কর্পোরেশন’ এর ইন্দোনেশিয়ান শাখা ‘টেরা ড্রোন ইন্দোনেশিয়া’ এর অফিস রয়েছে। অগ্নিকাণ্ডের সময় অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন, আবার কেউ কেউ অফিসের বাইরে ছিলেন।
সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো জানান, আগুন নিভে গেছে, তবে ভবনের ভেতরে আরও হতাহতদের সন্ধান চালানো হচ্ছে। স্থানীয় টেলিভিশনে দেখা গেছে, উদ্ধারকারীরা বডি ব্যাগে করে মৃতদেহ বের করছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।