ফেনীতে শহরের রাজাঝির দীঘি থেকে মো. শুক্কুর (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে মডেল থানা সংলগ্ন দিঘির পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. শুক্কুর গাজীপুর সদর উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। কাজের সন্ধানে গত সোমবার সকালে গাজীপুর থেকে ফেনীতে আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেন।
আবু কাউছার নিপু নামে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন বলেন, আমি দিঘি দেখাশোনার কাজ করি। প্রতিদিনের মতো রাতে দিঘির পশ্চিম পাশে হাঁটার সময় লাইটের আলোতে পানিতে মানুষের মাথার মতো কিছু দেখতে পাই। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, মরদেহটি পানিতে ডুবন্ত অবস্থায় ছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানা পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরনে শার্ট, লুঙ্গি ও মাফলার ছিল। আরও কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। পরিচয় শনাক্তে ও মরদেহটি এখানে কীভাবে এসেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে।