দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে দলের সদস্য সচিব আখতার হোসেন ১২৫ জন প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, আমরা কোনো আসন বিশেষ কারো জন্য ফাঁকা রাখিনি। আমাদের মনোনয়ন বোর্ড যেসব রিপোর্ট দিয়েছে, সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং জনগণের কাছে উন্মুক্ত করেছি। এটা একটি যাচাই-বাছাই প্রক্রিয়া। কারো বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল হবে।
তিনি প্রাথমিক তালিকাভুক্ত সবার প্রতি অভিনন্দন জানান এবং যারা তালিকায় নেই তাদের প্রতি দৃষ্টি দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, আমরা জনগণ, রাজনীতি সচেতন মানুষ, পরিবর্তনকামীদের আহ্বান করেছিলাম। আমাদের এ তালিকায় দলের বাইরেও বিভিন্ন পেশার মানুষ, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং প্রবাসী বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নাহিদ ইসলাম জানান, এই তালিকা অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করা হয়েছে, যেখানে নারী, পুরুষ, সংখ্যালঘু ও বিভিন্ন পেশার মানুষের সমন্বয় রাখা হয়েছে। ৩০০ আসনের চূড়ান্ত তালিকা তৈরির আগে আরও বিবেচনা করা হবে। যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়নি বা ভালো প্রার্থী পাওয়া গেলে, তাদেরও সুযোগ দেওয়া হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
