বিকেএসপির ৫০ আলোকিত মানুষ- সাকিব মুশফিক থেকে ঋতুপর্ণা মারুফা

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রতিভা গঠনের সবচেয়ে ধারাবাহিক ও সফল প্রতিষ্ঠান বিকেএসপি। প্রতিষ্ঠার পর ৩৯ বছরে এখানকার পাঠশালা পেরিয়ে দেশের বিভিন্ন খেলায় অসংখ্য তারকা উঠে এসেছেন, যাঁদের মেধা, পরিশ্রম এবং সাফল্য জাতীয় ক্রীড়াকে আলোকিত করেছে বহুবার। সেই অবদানকে স্বীকৃতি জানাতে বিকেএসপি প্রকাশ প্রতিষ্ঠানটির ৫০ জন কিংবদন্তি প্রাক্তন শিক্ষার্থীর নাম। অনুষ্ঠানে তাঁদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

মারুফার হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট। ছবি: বিকেএসপি

বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। তিনি এই ৫০ কিংবদন্তিকে বিকেএসপির গৌরব ও দেশের ক্রীড়ার অহংকার হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, তাঁদের অর্জনই প্রতিষ্ঠানটিকে আজকের মর্যাদায় এনে দাঁড় করিয়েছে। মহাপরিচালক অনুষ্ঠানে উপস্থিত কিংবদন্তিদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন।

অনুষ্ঠানে ক্রিকেট, ফুটবল, আর্চারি, শুটিং, হকি, অ্যাথলেটিকসসহ বিভিন্ন ইভেন্টে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া প্রাক্তন শিক্ষার্থীদের নাম ‘বিকেএসপি লিজেন্ডস’ তালিকায় সংযোজন করে তা উন্মোচন করা হয়। বিকেএসপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অডিও ভিজ্যুয়াল সেশনের পর মহাপরিচালককে সঙ্গে নিয়ে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। এরপর প্রশাসনিক ভবনের সামনে স্থাপন করা হয় কিংবদন্তিদের নামসংবলিত ফলক।

বিকেএসপির এই সম্মান জানানোর প্রতিক্রিয়ায় মারুফা আক্তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'আজকের এই সম্মানটা আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। বিকেএসপি থেকে লিজেন্ডারি খেলোয়াড় হিসেবে সম্মাননা পাওয়াটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়—এই সাফল্যের সাথে জড়িয়ে আছে অনেক মানুষের ভালোবাসা, পরিশ্রম আর ত্যাগ।' তিনি বলেছেন, এই সম্মান আমাকে মনে করিয়ে দিয়েছে—পরিশ্রম কখনো ব্যর্থ হয় না, শুধু সঠিক সময়ে তার মূল্য পাওয়া যায়।'

'আজকের এই সম্মানটা আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। বিকেএসপি থেকে লিজেন্ডারি খেলোয়াড় হিসেবে সম্মাননা পাওয়াটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়—এই সাফল্যের সাথে জড়িয়ে আছে অনেক মানুষের ভালোবাসা, পরিশ্রম আর ত্যাগ।' তিনি বলেছেন, এই সম্মান আমাকে মনে করিয়ে দিয়েছে—পরিশ্রম কখনো ব্যর্থ হয় না, শুধু সঠিক সময়ে তার মূল্য পাওয়া যায়।' ফেসুবক পোস্টে মারুফা আক্তার

বিকেএসপির কিংবদন্তীরা ফিরেছিলেন প্রিয় ক্যাম্পাসে। ছবি: বিকেএসপি

বিকেএসপি লিজেন্ডস’ তালিকায় যাঁরা আছেন

ক্রিকেট: নাঈমুর রহমান, মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার, ফারজানা হক, মুমিনুল হক, লিটন দাস ও মারুফা আক্তার

ফুটবল: মাসুদ রানা, হাসান আল মামুন, মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আঁখি খাতুন, রহমত মিয়া, ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার ও শেখ মোরসালিন।

হকি: মামুন উর রশীদ, আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন
শুটিং: আসিফ হোসেন খান, শারমিন আক্তার ও আবদুল্লাহ হেল বাকি

সাঁতার: কারার মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহফুজা খাতুন শীলা

আর্চারি: হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকী, আবদুর রহমান আলিফ ও সাগর ইসলাম

অ্যাথলেটিকস: বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুই, মেজবাহ আহমেদ, জহির রায়হান ও শিরিন আক্তার

বাস্কেটবল: মিঠুন কুমার বিশ্বাস, সামসুজ্জামান খান ও খালেদ মাহমুদ আকাশ

বক্সিং: আবদুর রহিম

টেনিস: এস কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান