রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে ম্যানচেস্টার সিটি আবারও প্রমাণ করল কেন তারা ইউরোপের অন্যতম ভয়ংকর দল। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযানে ঘুরে দাঁড়াল পেপ গার্দিওলা বাহিনী। টানা দুই ম্যাচে হার রিয়াল কোচ জাবি আলোনসোর অবস্থানকে আরও নড়বড়ে করে তুলল।
ম্যাচের শুরুটা ছিল রিয়ালের দাপটে। ২৮ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো এগিয়ে নেন দলকে। আরও কয়েকটি সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ ১০ মিনিটেই ম্যাচ ঘুরে যায়। কর্নার থেকে আসা বল ধরে রাখতে ব্যর্থ হন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া্। আর সেই সুযোগে কাছ থেকে সমতায় ফেরান নিকো ও’রেইলি।
অ্যান্টোনিও রুডিগারের ফাউলে মাটিতে পড়ে যান আরলিং হালান্ড। এরপর ভিএআরে দীর্ঘ পর্যালোচনার পর পেনাল্টি পায় সিটি। নির্ভুল স্পট-কিক থেকে দলকে এগিয়ে নেন নরওয়েজীয় তারকা হালান্ড। এটি তার ৫০ ম্যাচে ৫১তম চ্যাম্পিয়নস লিগ গোল। ইনজুরির কারণে বেঞ্চে থাকা কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার লড়াই চালালেও গোলের দেখা পায়নি রিয়াল।
ভিনিসিয়ুস জুনিয়র, বেলিংহাম ও রুডিগার—তিনজনই একাধিক সুযোগ নষ্ট করেছেন। বদলি হিসেবে নেমে এন্দ্রিকের হেডবার পোস্টে লেগে ফিরলে রিয়ালের হতাশা আরও বাড়ে। সেল্টা ভিগোর বিপক্ষে লিগে হারের পর মাত্র তিন দিনের ব্যবধানে এই পরাজয় রিয়াল সমর্থকদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাচশেষে স্টেডিয়ামে শোনা যায় অসন্তোষের বাঁশি।
তবু দলের সংকটময় অবস্থায় কোচ আলোনসোর পাশে দাঁড়িয়েছেন গোলরক্ষক কুর্তোয়া। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা সবাই কোচের সঙ্গে আছি। পরিস্থিতি কঠিন, কিন্তু আমরা ঘুরে দাঁড়াব।’