সিংগাইরে ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ বিশেষ অভিযানে ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মো. মাসুদ (৪৯) নামে একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সাদাপুর এলাকার বাসিন্দা।

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা এলাকার জনৈক লেবু (৫০) মালিকানাধীন বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে লেবুর তিনতলা ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের একটি ভাড়া ফ্ল্যাট থেকে মাদক কারবারি মাসুদকে আটক করা হয়।

পরে তল্লাশিতে মাসুদের দখল থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানে সিংগাইর থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছে। মাদক নির্মূলে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।