বিয়ে ভাঙার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা; জানালেন ভালোবাসার কথা

ভারতের বিশ্বকাপজয়ী তারকা স্মৃতি মান্ধানা ব্যক্তিগত জীবনের ঝড় কাটিয়ে বুধবার প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হয়েছেন। সংগীতশিল্পী পালাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি অংশ নেন ‘আমাজন সম্ভব সামিটে’। সেখানে অবশ্য ব্যক্তিগত অধ্যায় নয়, তিনি কথা বললেন তার সবচেয়ে বড় ভালোবাসা নিয়ে।

১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তাকে একটি সত্য গভীরভাবে শিখিয়েছে—তিনি জীবনে ক্রিকেটের চেয়ে বেশি আর কিছু ভালোবাসেন না। মান্ধানার কথায়, ‘আমি মনে করি না, ক্রিকেট ছাড়া জীবনে অন্য কিছু এতটা ভালোবাসি। দেশের হয়ে মাঠে নামলে আর কোনো চিন্তা মাথায় থাকে না। ভারতীয় জার্সি গায়ে দিলে একটাই লক্ষ্য- দেশের জন্য ম্যাচ জেতা। দুই বিলিয়ন মানুষের মধ্যে আপনি যখন একজন হয়ে দেশকে প্রতিনিধিত্ব করেন, সেটা আপনাকে আলাদা শক্তি দেয়।’

তার এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এর আগে গত রবিবার ইনস্টাগ্রামে বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পরই তিনি অনুরোধ জানিয়েছিলেন, পরিবারকে সময় দেওয়া হোক। তবে জনসমক্ষে তিনি ব্যক্তিগত প্রসঙ্গ এড়িয়ে যান। মান্ধানা বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। গত মাসে ভারতের বিশ্বকাপ জয় তার কাছে শুধু একটি ট্রফি নয়, নারীদের ক্রিকেটের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত।

তিনি জানান, খেলোয়াড়রা আগে থেকেই চূড়ান্ত ম্যাচ কল্পনা করতেন, এবং সেই দৃশ্য সত্যি হতে দেখে সবার গায়ে কাঁটা দিয়েছিল। কিংবদন্তি মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর উপস্থিতি সেই জয়কে আরও আবেগঘন করে তোলে। মান্ধানা বলেন, দলের ভেতরে মতবিরোধ থাকাটা ভালো—কারণ সবার উদ্দেশ্য একই, কিভাবে ভারত জিততে পারে। এসব আলোচনা দলকে আরও ঐক্যবদ্ধ করে।

মান্ধানা বলেন, তিনি জানান, ক্রিকেট তাকে দুটি বড় শিক্ষা দিয়েছে। প্রথমত, প্রতিটি ইনিংস শুরু হয় শূন্য থেকে। আর দ্বিতীয়ত, খেলা সবসময় ব্যক্তির চেয়ে বড়। স্মৃতির ভাষায়, ‘নিজের জন্য নয়, পাশে থাকা সতীর্থের জন্য খেলাটাই আমাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে।’