সকল জল্পনার অবসান ঘটিয়ে সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে দিলেন স্মৃতি মান্ধানা। আজ রবিবার সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের হয়ে সদ্য বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। বেশ কিছুদিন ধরেই তাদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। বিয়ের দিন দুপুরে মান্ধানার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাময়িকভাবে বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখা হয়। শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল সেই বিয়ে।
সোশ্যাল মিডিয়ায় মান্ধানা লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে। আমি মনে করি, এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই আত্মকেন্দ্রিক মানুষ এবং আমি এটা এভাবেই থাকতে চাই। কিন্তু এটা স্পষ্ট করে বলা দরকার যে, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সবাইকে একই অনুরোধ জানাচ্ছি।’
তিনি আরও লিখেছেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজের মতো করে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমার এবং আমাদের সবারই একটি বৃহৎ উদ্দেশ্য আছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং শিরোপা জিতব। আমার সব মনোযোগ সেখানেই থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল মান্ধানা-পলাশের। কিন্তু মান্ধানার বাবা আচমকা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত হয়। এরপরই মান্ধানার হবু স্বামী পলাশের একের পর এক প্রেমকাহিনী প্রকাশ্যে আসতে থাকে। এরপর স্মৃতির ভাই ও তার সতীর্থেরা পর্যন্ত পলাশকে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বের করে দেন। স্মৃতি-পলাশ যুগলের সম্পর্ক ভেঙে যাওয়ার খবরও ছড়ায়। এবার সবকিছুই পরিস্কার করলেন মান্ধানা।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়, ৭ ডিসেম্বর বিয়ে করতে যাচ্ছেন মান্ধানা এবং পলাশ। এমনকী পলাশের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা বলেও দাবি করা হয়। যদিও এই প্রসঙ্গে মান্ধানার ভাই শ্রাবণ মান্ধানা বলেছিলেন, ‘বিয়ের তারিখ নিয়ে কোনো তথ্য আমি জানি না। বিয়ে আপাতত স্থগিত আছে বলেই আমি জানি।’ অবশেষে সেই ৭ ডিসেম্বরই বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন মান্ধানা।
প্রথম বিশ্বকাপের ‘চুরি যাওয়া’ ট্রফির খোঁজ মিলল ৬০ বছর পর
পরাজয়ের শঙ্কায় বাধ্য হয়ে ‘বাজবল’ ত্যাগ করল ইংল্যান্ড
এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম: মেসি
দলের পরাজয়েও মোস্তাফিজের দুর্দান্ত বোলিং