যুক্তরাজ্যে নতুন মাংকিপক্স ভাইরাস সনাক্ত

যুক্তরাজ্যে সম্প্রতি এশিয়া থেকে ফেরত আসা এক যাত্রীর মধ্যে নতুন ধরনের এমপক্স (মাংকিপক্স) ভাইরাস শনাক্ত হয়েছে। এই স্ট্রেইনটি দুইটি প্রধান ধরনের-ক্লেড আইবি এবং ক্লেড আইআইবি-উপাদান যুক্ত, তবে এখনও এর কোনো আনুষ্ঠানিক নাম নেই।

যুক্তরাজ্য হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, ভাইরাসের পরিবর্তন স্বাভাবিক ঘটনা, তবে গুরুতর রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য টিকা নেওয়াই সর্বোত্তম পদ্ধতি। বিশেষ করে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। টিকা প্রায় ৭৫–৮০ শতাংশ কার্যকর।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিশ্বব্যাপী ভাইরাসের বিস্তার চলতে থাকলে এটি পুনঃসংমিশ্রিত হয়ে আরও অভিযোজিত হতে পারে। যদিও অধিকাংশ সংক্রমণ হালকা, তবে এমপক্স সংক্রমণ জ্বর, পেশীর ব্যথা ও ক্লান্তি সৃষ্টি করতে পারে।
 
হেলথ সিকিউরিটি এজেন্সির ডাক্তার  ড. কেটি সিঙ্কা বলেছেন, জেনোমিক পরীক্ষা নতুন স্ট্রেইন শনাক্ত করতে সহায়ক হয়েছে এবং উপযুক্ত ব্যক্তিদের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৪৮,০০০ এমপক্স সংক্রমণ ঘটেছে, যার মধ্যে অধিকাংশ কেস মধ্য আফ্রিকায়।  

এমপক্সের উপসর্গ দেখা দিলে NHS 111 নম্বরে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।