চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচজুড়ে রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের পারফর্মেন্স ছিল মলিন। অন্তত দুটি বড় সুযোগ তিনি মিস করেছেন। পুরো খেলায় তার অবদান ছিল সামান্যই। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রেজিও রোমানো তুলে ধরেছেন, এই ব্রাজিলিয়ান তারকা কতটা নিষ্ক্রিয় ছিলেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২৮ মিনিটেই জুড বেলিংহামের পাস থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন। তারপর শুধুই হতাশার গল্প। পুরো ম্যাচে কোনো অ্যাসিস্ট করতে পারেননি ভিনি, পারেননি কোনো সুযোগ তৈরি করতে। গোলমুখে তার কোনো শট লক্ষ্যে ছিল না, সতীর্থদের কোনো ক্রস দিতে পারেননি, পারেননি প্রতিপক্ষের ট্যাকল থেকে বাঁচতে। অন্তত দুটি বড় সুযোগ মিস করেছেন। পাস দিয়েছেন মাত্র ১৩টি!
ম্যাচের সপ্তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে চমৎকার সুযোগ পেলেও ভিনি ব্যর্থ হন। ডান দিক থেকে রদ্রিগোর নিচু ক্রস থেকে বল পেয়ে বিপজ্জনক জায়গা থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিরতির পর ৭৮ মিনিটে আরও একটি সুযোগ তিনি নষ্ট করেন। রদ্রিগোর চমৎকার ক্রসে খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি ভিনি। দুই মিনিট পর আর্দা গিলেরের কর্নার থেকে অরক্ষিত অবস্থায় বল পেয়েও তিনি ঠিকমতো শট নিতে ব্যর্থ হন।
বিশ্লেষকেরা এই ম্যাচে ভিনির পারফর্মেন্সকে দশে মাত্র ১ দিচ্ছেন! অবশ্য মাদ্রিদের দলটির পারফর্মেন্সও এদিন ছন্নছাড়া ছিল। ৪৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১২ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখে সিটি। বল দখলে এগিয়ে থাকা রিয়াল গোলের জন্য শটও নেয় বেশি- ১৬টি। কিন্তু বিস্ময়করভাবে কেবল একটি শটই রাখতে পারে লক্ষ্যে! ৬ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে রিয়াল। ৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে চারে সিটি।