শুক্রবার ভারতে যাচ্ছেন মেসি; আর্জেন্টাইন কিংবদন্তিকে ঘিরে উন্মাদনা

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ ঘিরে ভারত জুড়ে ক্রীড়াপ্রেমীদের মাঝে তীব্র উন্মাদনা ছড়িয়ে পড়েছে। ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বর তিন দিনে চারটি শহর ঘুরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা। ২০১১ সালের পর এই প্রথম তিনি ভারত সফরে যাচ্ছেন।

মেসি সফরের অংশ হিসেবে কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি ভ্রমণ করবেন। সফরের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সফরের কয়েকটি পর্বে মেসির সঙ্গে থাকবেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। ট্যুর প্রোমোটর শতদ্রু দত্ত জানিয়েছেন, দুজনই মুম্বাইয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন।

১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে ‘গোট কনসার্টে’ অংশ নেওয়ার পাশাপাশি লেক টাউন মোড়ের কাছে নিজের ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উদ্বোধনের কথা ছিল মেসির। প্রথমে অনুষ্ঠানস্থলে তার উপস্থিত হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক নিরাপত্তাজনিত বিবেচনায় সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। শতদ্রু দত্ত জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কারণে হোটেল থেকে ভার্চ্যুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন করবেন মেসি।

এই লেক টাউন মোড়েই এর আগে স্বাগত জানানো হয়েছিল ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। কয়েক বছর আগে তিনি এখানে এসে নিজের মূর্তি উদ্বোধন করেছিলেন। শুক্রবার গভীর রাতে শহরে পৌঁছে বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে উঠবেন মেসি। পরদিন থেকে শুরু হবে তার তিনদিনব্যাপী নানা কর্মকাণ্ড। হায়দরাবাদ পর্বে তরুণ ফুটবলারদের জন্য বিশেষ ফুটবল ক্লিনিক আয়োজন করা হবে, যেখানে মেসি, সুয়ারেজ ও ডি পল সরাসরি শিশুদের প্রশিক্ষণ দেবেন।

মেসির ভারত সফরের পূর্ণ সূচি:

১৩ ডিসেম্বর কলকাতা

দিবাগত রাত ১:৩০: আগমন

সকাল ৯:৩০–১০:৩০: মিট অ্যান্ড গ্রিট

সকাল ১০:৩০–১১:১৫: মেসির মূর্তি ভার্চুয়াল উদ্বোধন

বেলা ১১:১৫ –১২টা: যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগমন

দুপুর ১২–১২:৩০: প্রীতি ম্যাচ, সম্মাননা, আলাপচারিতা

দুপুর ২: হায়দরাবাদের উদ্দেশে যাত্রা

১৩ ডিসেম্বর হায়দরাবাদ

সন্ধ্যা ৭টা: উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ মেসি ও মুখ্যমন্ত্রী রিভন্ত রেড্ডিকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪ ডিসেম্বর মুম্বাই

বিকাল ৩:৩০: সিসিআইতে প্যাডেল কাপ ইভেন্ট

বিকাল ৪টা: সেলিব্রিটি ফুটবল ম্যাচ

বিকাল ৫টা: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইভেন্ট + চ্যারিটি ফ্যাশন শো

১৫ ডিসেম্বর নয়াদিল্লি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ

দুপুর ১:৩০: অরুন জেটলি স্টেডিয়ামে ইভেন্ট এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা

টিকিটের মূল্য:

কলকাতা: শুরু ৪,৩৬৬ রুপি

হায়দরাবাদ: শুরু ২,২৫০ রুপি

দিল্লি: শুরু ৭,৬৭০ রুপি

মুম্বাই: শুরু ৭,০৮০ রুপি