এবার জামালপুরে চুরি করতে গিয়ে র‌্যাব সদস্যের স্ত্রীকে হত্যা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় লিপি আক্তার (৩৩) নামে এক র‌্যাব সদস্যের স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। একদল দুর্বৃত্ত চুরি করতে গিয়ে তাদের চিনে ফেলায় ওই নারীকে হত্যা করেছে।

বৃহষ্পতিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সরিষাবাড়ী পৌর শহরের শিমলা বাজার গণময়দান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ লিপি আক্তার উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা। তার স্বামী মহর উদ্দিন পুলিশের সহকারী উপ-পরিদর্শক। বর্তমানে তিনি র‌্যাপিড অ্যাকশন র‌্যাটালিয়ান (র‌্যাব)-২ এ কর্মরত আছেন।

স্থানীয় সূত্র জানায়, দুই ছেলে ও এক মেয়ের মা লিপি আক্তার গণময়দান (শ্রম কল্যান কেন্দ্র) এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বাসাটি নিরিবিলি হওয়ায় আগে আরও দুইবার চুরি হয়েছে। বৃহষ্পতিবার ভোরের দিকে তিন চোর জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে।

লিপির মেয়ে মিথি (৮) জানায়, তার দুই ভাই মামার বাড়িতে ছিল। তারা ঘুমন্ত অবস্থায় ছিল এ সময় বাসায় চোর ঢুকে। মা’র ঘুম ভাঙলে চোরদের চিনে ফেলে। তখন তারা মায়ের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন মাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু নিয়া জানান, চোরদের চিনে ফেলায় অবস্থা বেগতিক দেখে তারা ওই নারীকে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।