ইসরায়েল অংশ নেওয়ায় ইউরোভিশন বয়কট করল আইসল্যান্ড

২০২৬ সালের ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা বয়কট করা পাঁচটি দেশের মধ্যে সর্বশেষ দেশ হিসেবে যোগ দিয়েছে আইসল্যান্ড। এর আগে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডস একই সিদ্ধান্ত নিয়েছিল। এই প্রতিযোগিতায় ইসরায়েল তাদের অংশগ্রহণ নিশ্চিত করায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।  
 
আইসল্যান্ডের সরকারি সম্প্রচার সংস্থা রুভ এর মহাপরিচালক স্টেফান আইরিকসন জানান,'বর্তমান পরিস্থিতিতে এই প্রতিযোগিতায় শান্তি বা আনন্দ নেই। সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।'  রুভ আরও জানিয়েছে, ইসরায়েলের অংশগ্রহণ ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) এবং সাধারণ জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে।   

সংস্থাটি আগেও ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছিল এবং পরে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত চেয়েছিল, যা বাতিল হয়ে যায়। সম্প্রতি ভোটের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যে ব্যবস্থা নেয়া হয়েছে তা কিছু সংশয় দূর করলেও, রুভ জানিয়েছে জনমতের মধ্যে এখনও আপত্তি রয়েছে। 

ইউরোভিশনের পরিচালক মার্টিন গ্রিন বলেন, সংগঠন এই সিদ্ধান্তকে সম্মান জানায় এবং আশা করে যে ভবিষ্যতে এই দেশগুলো আবার প্রতিযোগিতায় ফিরে আসবে। ইসরায়েল ১৯৭৩ সাল থেকে ইউরোভিশনে অংশগ্রহণ করছে এবং চারবার বিজয়ী হয়েছে,  আইসল্যান্ড দু’বার দ্বিতীয় হলেও এখনও বিজয়ী হতে পারেনি।