হামজার বার্সেলোনায় যোগদান প্রায় চূড়ান্ত পর্যায়ে

মিশরের আল আহলি ফরোয়ার্ড হামজা আবদেলকরিমকে দলে টানতে কার্যত শেষ ধাপের আলোচনায় পৌঁছে গেছে বার্সেলোনা। ১৭ বছর বয়সী এই স্ট্রাইকার ইতোমধ্যেই নিজের ক্লাবকে জানিয়ে দিয়েছেন যে তিনি বার্সার রঙের জার্সি পরতে চান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই চুক্তি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত। 

বার্সা মূলত ধারে তাকে দলে নিতে চায়, যেখানে জুনের পর স্থায়ী চুক্তির জন্য বাই আউট অপশনও থাকবে। পরিকল্পনা হলো, জানুয়ারির শুরুতেই তাকে বার্সা আতলেতিক দলে যুক্ত করা, কারণ রিজার্ভ টিমে একজন নির্ভরযোগ্য স্ট্রাইকারের ঘাটতি রয়েছে। স্কাউটিং রিপোর্টে তাকে অত্যন্ত সম্ভাবনাময় মনে করা হয়েছে এবং বার্সার সামনে বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের মতো বড় ক্লাবকেও হার মানতে হয়নি।

কাতারে অনুষ্ঠিত সাম্প্রতিক অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আবদেলকরিমকে কাছ থেকে দেখে সবুজ সংকেত দেয় বার্সার স্কাউটরা। তার ধারাবাহিক গোল করার সক্ষমতা নজর কাড়ার পরই আলোচনা শুরু হয়। বার্সার আগ্রহ টের পেয়েই খেলোয়াড় নিজেও অন্য সব প্রস্তাব স্থগিত করেন। মিশরীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তার বাবা আল আহলির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন ছেলেকে বার্সায় যোগ দেওয়ার অনুমতি দেওয়ার জন্য।
আল আহলি লোনে ছাড়তে রাজি, তবে তারা চাইছে মোটা ক্ষতিপূরণ এবং ভবিষ্যৎ বিক্রয়মূল্যের একটি অংশ। এছাড়া প্রথম দলে উন্নীত হলে অতিরিক্ত বোনাস যোগ করার প্রস্তাব করছে তারা। পেদ্রি যখন লাস পালমাস থেকে বার্সায় এসেছিলেন, তখনকার মডেল অনুসরণ করেই আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে।

আবদেলকরিমকে প্রকৃত ৯ নম্বর ধাঁচের স্ট্রাইকার হিসেবে বর্ণনা করা হয়। বল ধরে রাখার এবং দলের জন্য সুযোগ তৈরি করার ক্ষেত্রে খুব দক্ষ। সহখেলোয়াড়দের সঙ্গে কম্বিনেশনে দক্ষ এবং শক্তিশালী ফিনিশিং ক্ষমতা রয়েছে তার। বার্সার খেলার দর্শনের সঙ্গে তার স্টাইল পুরোপুরি মানানসই বলে মনে করছে ক্লাব। তাকে আগামী গ্রীষ্মে প্রাক-মৌসুম প্রস্তুতিতে প্রথম দলের সঙ্গে রাখার প্রতিশ্রুতিও দিয়েছে বার্সা, যা খেলোয়াড় এবং তার প্রতিনিধিদের আরও বেশি উৎসাহিত করেছে।

জানুয়ারিতে হামজার বয়স হবে ১৮, ফলে সঙ্গে সঙ্গে ইউরোপে খেলতে কোনো বিধিনিষেধ থাকবে না। আফ্রিকান কাপ অব নেশন্সে তার সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কিছু গুঞ্জন থাকলেও ধারণা করা হচ্ছে, জাতীয় দল তাকে এবার দলে ডাকবে না। বার্সার এই তরুণ স্ট্রাইকার প্রোজেক্ট সফল হলে ভবিষ্যতে প্রথম দলেও তার জায়গা করে নেওয়ার বড় সম্ভাবনা রয়েছে।