জোটভুক্ত হলেও দলীয় প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত হলেও নিজ নিজ দলের প্রতীকেই রাজনৈতিক দলগুলোকে ভোট করতে হবে।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। গণপ্রতিনিধিত্ব (আরপিও) অধ্যাদেশের ৯ ধারার বৈধতা প্রশ্নে রুল খারিজ করে এ রায় দেয় হাইকোর্ট।

জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠন করা হলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্ধিতা বাধ্যতামূলক করে গত ৩ নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে অধ্যাদেশ জারি করে সরকার। তবে এ বিধানটি নিয়ে আপত্তি তোলে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল। অন্যদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি দল সংশোধিত বিধানটির পক্ষে অবস্থান নেয়। আরপিও’র এমন বিধানের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে গত ২৭ নভেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিনের পক্ষে হাইকোর্টে আবেদনটি করেন এনডিএম’র সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সাহেদুল আজম। 

রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত ১ ডিসেম্বর আরপিও’র এমন বিধানের বৈধতা প্রশ্নে রুল দেয় হাইকোর্ট। রুলে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশ্লিষ্ট সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চায় হাইকোর্ট। ১০ দিনের মধ্যে আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। রুলের শুনানিতে আরপিও’র ওই বিধানের পক্ষে পক্ষভ‚ক্ত হয় ‘বাংলাদেশ কংগ্রেস’ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তার সঙ্গে ছিলেন আইনজীবী সাহেদুল আজম। বাংলাদেশ কংগ্রেসের পক্ষে ছিলেন আইনজীবী আইনজীবী ইয়ারুল ইসলাম। এনসিপি’র পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মুসা ও নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব। ইসির পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্টর তার রায়ে আরপিও’র ওই সংশোধনীর বৈধতা দিয়েছেন। ফলে নির্বাচনে জোটভ‚ক্ত হলেও নিজ দলের প্রতীকে ভোটের যে বিধান সেটি বহাল রইলো।’ ব্যারিস্টার সাহেদুল আজম দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের রিট আবেদনটি খারিজ করেছেন হাইকোর্ট। পরবর্তী আইনি প্রক্রিয়ায় যাব কি না, তা পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’