বেনাপোলের বাহাদুরপুর মোড়ে নবনির্মিত লাইটপোস্টের খুঁটিতে ধাক্কা লেগে গুরুতর আহত হওয়া মোটরসাইকেল আরোহী কিশোর ইমন হোসেন (১৭) দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত না-ফেরার দেশে চলে গেছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইমন বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকরাম হোসেনের ছোট ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল সে।
ইমনের বন্ধু হৃদয় মোল্লা জানান, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ইমন এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে দ্রুতগতিতে বেনাপোল বাজার থেকে বাহাদুরপুরের দিকে যাচ্ছিল।
বাহাদুরপুর মোড়ে পৌঁছালে নবনির্মিত লাইটপোস্টের খুঁটিতে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা লাগে। এতে ইমন ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারণ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতাল হয়ে ঢাকায় স্থানান্তর করা হয়।
মাথার পেছনের শিরায় রক্ত জমাট বাঁধার কারণে দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। ইমনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার ঢাকায় মরদেহ এনে নিজ গ্রামে জানাজা শেষে বেনাপোল ওয়ার্ডের গণকবরস্থানে দাফন করা হবে।
বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন হোসেন নামে এক কিশোর মারা গেছে। সে ঢাকার একটি হাসপাতালে মারা গেছে।