দুই রূপে তানজিকা আমিন

মাঝখানে বেশ কিছুদিন নীরব থাকার পর হঠাৎ করেই আলোচনায় তানজিকা আমিন। প্রায় দুই দশকের ক্যারিয়ার তার। তবে শুরু থেকেই বেছে বেছে অভিনয় করার সুবাদে  কাজের সংখ্যা তুলনামূলক অনেক কম। এক সময় ছোট পর্দায় ব্যস্ত সময় কাটানো এই মডেল-অভিনেত্রী দুই বছর আগে ‘মহানগর ২’ ওয়েব সিরিজের মাধ্যমে নজর কাড়েন। প্রশংসিত হন সব শ্রেণির দর্শকের কাছে। এরপর ওটিটিতে কাজ করলেও লাইম লাইট থেকে ছিলেন অনেকটাই দূরে। তবে কাছাকাছি সময়ে পর পর ভিন্ন দুই প্ল্যাটফর্মে দুই ওয়েব ফিল্মের মুক্তির খবরে কয়েকদিন ধরেই শোভা পাচ্ছে তানজিকার নাম। একটি শরাফ আহমেদ জীবনের ‘ডিমলাইট’, অন্যটি রায়হান রাফীর ‘অমীমাংসিত’। চারদিনের ব্যবধানে একসঙ্গে দুটি ফিল্ম মুক্তি পাওয়া একজন শিল্পীর জন্য অবশ্যই আনন্দের বলে জানালেন তানজিকা। তাছাড়া দুটি সিরিজের গল্প, চিত্রনাট্য, নির্মাণশেলী যেমন আলাদা, তেমনি নিজের চরিত্রও দুই ধারার। দুইয়ে মিলে প্রত্যাশার পরিমাণও অনেক বেশি তার। এই অভিনেত্রীর ভাষ্য, সেরাটা দিয়ে চেষ্টা করেছি চরিত্র দুটি ফুটিয়ে তুলতে। কেমন করেছি তা দর্শক বিচার করবে দেখার পর। তাদের ভালো লাগলে আমার ভালো লাগবে। তবে আশা করছি দর্শক নতুন কিছু খুঁজে পাবেন ফিল্ম দুটিতে।’

এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল-এ অবমুক্ত করা হয়েছে ‘ডিমলাইট’ ফিল্মটি। সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাহিদ হাসনাত। এতে তানিয়া নামের মধ্যবিত্ত গৃহিণীর চরিত্রে অভিনয় করেছেন তানজিকা। তানিয়া শিক্ষিত, তবে সংসারের চাপে চাকরি করতে পারেন না। চরিত্রটি নিয়ে তানজিকা বলেন, ‘এই সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে ডিমলাইট। এটা আসলে আমাদের সবারই গল্প বলা যায়। মিডলাইফ ক্রাইসিসের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমার কাহিনি। একজন হাউজ ওয়াইফের জীবনেও নানান টানাপড়েন থাকে। সন্তান থেকে শাশুড়ি সবাইকে দেখভাল করেন তানিয়া। বিষয়টি আসলেই খুব চ্যালেঞ্জিং। এখানে আমার স্বামীর চরিত্রে আছেন মোশাররফ করিম। তার মতো একজন বড় মাপের এবং হেল্পফুল অভিনেতার সঙ্গে কাজ করাটা সব সময়ই আনন্দের।’

এর আগেও মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তানজিকা আমিন। চলতি বছরেরও ঈদ আয়োজনে হইচইতে মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত কমেডি ঘরানার সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। মাল্টিকাস্টিং গল্পের এই সিরিজে মোশাররফ করিমের আট স্ত্রীর একজনের চরিত্রে দেখা গেছে তানজিকাকে। তবে মাল্টিকাস্টিং গল্পে অনেকে কাজ করতে চান না এই অভিনেত্রী। তিনি বলেন, ‘মানসম্মত গল্প ও চরিত্র, ভালো অভিনয়শিল্পীদের সম্পৃক্ততা এবং গুণী নির্মাতার কাজ হলে মাল্টিকাস্টিং গল্পে অভিনয় করাকে আমি ইতিবাচক হিসেবেই দেখি। মাল্টিকাস্টিং গল্পে অনেকের অংশগ্রহণের মধ্যে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হয়।’

অন্যদিকে আগামী ১৫ ডিসেম্বর আইস্ক্রিন অরিজিনাল-এ মুক্তি পাচ্ছে ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটি। এই ফিল্মটিতে দুই বছর আগে তানজিকা অভিনয় করেছিলেন। এটি মুক্তির কথা ছিল গত বছর ২৯ ফেব্রুয়ারি। তবে টিজার প্রকাশের পর তৎকালীন সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ওটিটি কনটেন্ট হলেও এটি মুক্তির আগে সেন্সর ছাড়পত্র প্রয়োজন। দুই দফা পর্যালোচনার পর গত বছরের এপ্রিলে বোর্ড জানায়, ফিল্মটি ‘প্রদর্শনযোগ্য নয়’। এ কারণে মুক্তি আটকে যায়। দীর্ঘ বিতর্ক ও জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে ‘অমীমাংসিত’। ফিল্মটি প্রসঙ্গে তানজিকা বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি কাজ। এখানে আমাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। আমার স্বামীর চরিত্রে আছেন ইমতিয়াজ বর্ষণ। সেও একজন সাংবাদিক। এক রাতে ওই দম্পতি নিজ বাসায় খুন হয়। কে বা কারা কেন তাদের খুন করল, সেই রহস্য নিয়েই এই সিনেমার গল্প। সাংবাদিক চরিত্রে অভিনয় করতে একটু বেগ পেতে হয়েছে। কারণ এমন চরিত্রে অভিনয় খুব চ্যালেঞ্জিং। এই কাজটি নিয়ে সবার এত বেশি প্রত্যাশা, এটা কতটুকু পূরণ করতে পারব, সেটা নিয়ে কিছুটা ভয় কাজ করছে মনে। তবে আমার আত্মবিশ্বাস আছে।’

ওটিটিতে ব্যস্ততা বাড়লেও তানজিকা আমিন নাটকেও নিয়মিত কাজ করেন। একক নাটকের পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় করেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তার একাধিক ধারাবাহিক প্রচার হচ্ছে। পাশাপাশি ইউটিউব চ্যানেলের জন্যও কাজ করেন তানজিকা। কিছুদিন আগে ইউটিউব চ্যানেলের জন্য একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। ইউটিউবে ভালো-মন্দ দুই রকম কাজই হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তানজিকা বলেন, ‘ইউটিউব চ্যানেলে নাটক করার বিষয়ে আমার ভেতরে দ্বৈত অনুভূতি কাজ করে। তবে আমি চাই এই মাধ্যমে আরও ভালো ভালো কাজ হোক। আরও ভিন্ন ভিন্ন কাজ হোক। তা হলে দর্শকরা আরও বেশি আগ্রহী হবেন।’

প্রশংসার পাশাপাশি বর্তমান সময়ের নাটক নিয়ে নানা অভিযোগও রয়েছে। দর্শক নাটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে মনে করেন অনেকে। এ প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, ‘নাটকের গল্পটাই হলো সব। ভালো গল্প হলে দর্শকরা নাটক দেখেন। তার বহু প্রমাণ এ দেশে আছে।’