খুলনা হাসপাতাল

বকেয়া বেতন পরিশোধের দাবি কর্মচারীদের

দীর্ঘ ১৭ মাস বেতন না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে লেখা ছিল, ‘১৭ মাস বেতন নাই! পারিশ্রমিক চাই, ভিক্ষা নয়’; ‘হাইকোর্টের নির্দেশ উপেক্ষা কেন, খুলনা ২৫০ শয্যা হাসপাতাল-জবাব চাই।’

কর্মচারীদের অভিযোগ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গাজী রফিকুল ইসলাম ও প্রধান সহকারী কাম হিসাবরক্ষক তরিকুল ইসলাম গত ৬ মাস ধরে ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে পাঠাননি। ফলে তাদের বকেয়া বেতন পরিশোধের প্রক্রিয়া থমকে আছে।

কর্মচারীরা অভিযোগ করে আরও বলেন, ২০২৫ সালের আউটসোর্সিং নীতিমালাসহ হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে ১০৭ জন নিয়োগের উদ্দেশ্যে দরপত্র আহ্বানের ষড়যন্ত্র করছে। এমনকি কোনো দরপত্র ছাড়াই গোপনে ৭ জনকে কাজে নেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। অথচ অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পুরনো কর্মীদের বাদ না দেওয়ার কথা স্পষ্টভাবে বলা আছে। গত ৭-৮ বছর ধরে অনেক কর্মচারী এ হাসপাতালে সেবা দিয়ে আসছেন জানিয়ে তারা বলেন, হঠাৎ করে ষড়যন্ত্রমূলকভাবে তাদের চাকরিচ্যুত করার চেষ্টা চলছে। বেতন না পেয়ে কর্মচারীদের পরিবার-পরিজনকে নিয়ে তারা মানবিক সংকটে পড়েছেন।