ছেলের আঘাতে মাথায় ১৭ সেলাই আদালতে মা

চট্টগ্রামে মারধরের অভিযোগে ছেলে এবং পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন এক মা। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করতে কর্ণফুলী

থানার ওসি নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল মনছুর। মামলায় আসামি করা হয়েছে ভুক্তভোগী জাহানারা বেগমের (৬৯), ছেলে মো. ফারুক ও ছেলের স্ত্রী সুমাইয়া সুমিকে। মারধরে বৃদ্ধ জাহানারা বেগমের মাথা ও কপালে ১৭টি সেলাই পড়েছে। গত ৭ ডিসেম্বর কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মামলা করতে গেলে মামলা নেয়নি থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আমিনুল আহসান।

মামলার অভিযোগে বলা হয়, তুচ্ছ একটি ঘটনায় ৭ ডিসেম্বর নগরের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকায় বৃদ্ধ জাহানারা বেগমকে মারধর করেন তার ছেলে ও পুত্রবধূ। একপর্যায়ে ছেলে ইট দিয়ে মায়ের মাথা ও কপালে আঘাত করেন। এ ঘটনায় চিকিৎসকরা তার মাথা ও কপালে ১৭টি সেলাই দেন। কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশনা থানায় আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’