রেললাইনের ২ স্থানে ফাটল, লাল পতাকা টানিয়ে সতর্ক

নাটোরের বাগাতিপাড়ায় পরপর দুই দিন দুটি স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ১ নম্বর পাঁকা ইউনিয়নের আব্দুলপুর থেকে রাজশাহী অভিমুখের লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে মালিগাছি অরক্ষিত লেভেলক্রসিং এলাকায় রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টানিয়ে সতর্ক সংকেত দেন। এতে ওই অংশ দিয়ে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে।

স্থানীয়রা জানান, সম্ভবত রাতের কোনো এক সময়ে লাইনে ফাটল তৈরি হয়। রাতের ট্রেনগুলো দ্রুতগতিতেই ওই ভাঙা অংশ অতিক্রম করেছে। তাদের আশঙ্কা এভাবে বারবার রেললাইন ভেঙে গেলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি দেখা দিতে পারে। প্রায় প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটায় তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন। এর আগের দিন ১০ ডিসেম্বর রাতেও উপজেলার গাঁওপাড়া অরক্ষিত লেভেলক্রসিং এলাকায় রেললাইনে বড় ফাটল দেখা গিয়েছিল বলে স্থানীয়রা জানান।