ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের। আগের ম্যাচে প্রায় ৯০০ মিনিট ক্রিজে থেকে ৪৫৭ রান তুলে ড্র করা দলটি এবার দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৩৩ রান করেই বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
বেসিন রিজার্ভে তৃতীয় দিনের দুপুরের সেশনেই ওয়েস্ট ইন্ডিজকে ১২৮ রানে অলআউট করে দেয় নিউজিল্যান্ড। দারুণ বোলিং করে জ্যাকব ডাফি নেন ৫ উইকেট, যা তার তিন টেস্টে দ্বিতীয় পাঁচ উইকেট। স্বাগতিকদের লক্ষ্য ছিল মাত্র ৫৬। ডেভন কনওয়ে (২৮*) এবং কেন উইলিয়ামসন (১৬*) দলকে সহজ জয় এনে দেন টি–বির বিরতিতে যাওয়ার আগেই।
নিউজিল্যান্ডের পেস অ্যাটাকে এবার ছিলেন বেশ কয়েকজন অনভিজ্ঞ বোলার। ডাফি ও জ্যাক ফকস খেলছেন মাত্র তৃতীয় টেস্ট, ব্লেয়ার টিকনারের চতুর্থ, আর মাইকেল রে ছিলেন অভিষিক্ত। তবুও পুরো আক্রমণ শৃঙ্খলাপূর্ণ বোলিং করেছে বলে সন্তুষ্ট অধিনায়ক টম ল্যাথাম।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তৃতীয় দিনের শুরুতেই চাপে পড়ে যায়। ৩২–২ স্কোর নিয়ে দিন শুরু করা দলটি খুব দ্রুতই ধসের মুখে পড়ে লাঞ্চে দাঁড়ায় ৯৮–৬ এ। প্রথম টেস্টের মতো লড়াইয়ের ইঙ্গিত থাকলেও এবার সেই ফিরে আসা হয়নি। লাঞ্চের পর ৯.২ ওভারেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। জাস্টিন গ্রিভসের (২৫) এলবিডব্লিউতে আঘাত করেন ডাফি, রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্প ছুঁয়ে যেত।
অধিনায়ক রোস্টন চেইস ব্যাটিং ব্যর্থতায় হতাশ। তার ভাষায়, প্রথম ইনিংসেই আরও রান করা উচিত ছিল। বোলাররা ম্যাচে ফেরালেও ব্যাটসম্যানরা সেট হওয়ার পর ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি রান করেন কাভেম হজ (৩৫)। ব্র্যান্ডন কিং (২২) রান আউট হওয়ার পর হজ চেষ্টা করলেও উইকেট পতনের ধারা ঠেকাতে পারেননি। মধ্য উইকেটে উইল ইয়াংয়ের ডাইভিং ক্যাচে তার ইনিংস শেষ হয়।
প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গিয়েছিল ২০৫ রানে। জবাবে নিউজিল্যান্ড তোলে ২৭৮–৯ এবং ইনিংস ঘোষণা করে।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার, মাউন্ট মঙ্গানুইতে।