ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ছাত্রদলের নিন্দা

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিন একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর এ রকম ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা নির্বাচন বানচালের একটি হীন কুটিল ষড়যন্ত্রের অংশ বলেই প্রতীয়মান হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শরীফ ওসমান হাদির ওপর এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থী ও ভোটারের নিরাপত্তা বিধানের বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।