ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলেছে। এবার তারা খেলছে ইউরোপা লিগে। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে তিনে থাকা অ্যাস্টন ভিলা ইউরোপাতেও এগিয়ে চলছে সমান তালে। বৃহস্পতিবার রাতে বাসিলের মাঠে ভিলা ম্যাচটা জিতেছে ২-১ ব্যবধানে। এই জয়ে ইউরোপা লিগে ৬ রাউন্ড শেষে ১৫ পয়েন্টে তিনে উঠেছে উনাই এমেরির দল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচ জিতল ভিলা।
প্রতিপক্ষের মাঠে ভিলাকে খেলতে হয় দলের নিয়মিত গোলকিপার আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্তিনেজকে ছাড়াই। আর্জেন্টাইনদের প্রিয় দিবু পিঠের ব্যথার কারণে বাসিলের বিপক্ষে খেলতে পারেননি। ম্যাচের ১২ মিনিটে ইভান গুইসান্দের গোলে এগিয়ে যায় ভিলা। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ৩৪ মিনিটে ফ্লাভিয়াস দানিলুকের গোলে স্কোর ১-১ হয়। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করে। পুরো ম্যাচে বল দখলে ভিলা এগিয়ে থাকলেও গোলমুখে শট বেশি নেয় বাসিল। তবু ৫৩ মিনিটে ইউরি টেলেসমানের গোলে এগিয়ে যায় ভিলা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় পায় তারা।
ম্যাচ জিতলেও বাসিলের মাঠ জ্যাকব-পার্ক নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান ভিলার কোচ উনাই এমেরি। তিনি বলেন, ‘মাঠ খুব বেশি ভালো নয়। আমাদের ম্যাচের সময়ও সেটি দেখা গেছে। আমরা আরও ভালো করতে পারতাম মাঠ এমন না হলে। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারছি সেটাই মূল।’
একই দিনে ইউরোপা লিগের অন্য ম্যাচে ফরাসি ক্লাব লিওঁ নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ডাচ ক্লাব গো এহেড ঈগলসকে। জয়ের পর ইউরোপা লিগে ৬ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট লিওঁর। গোল ব্যবধানে এগিয়ে থেকে তারাই আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আরেক ফরাসি ক্লাব লিলের বিপক্ষে ০-১ গোলে জিতেছে ইয়ং বয়েজ। স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিস ৩-১ গোলে হারিয়েছে দিনামো জাগরেবকে। বেতিসের হয়ে গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্থনি। ইউরোপা লিগে ৬ রাউন্ড শেষে ৩৬ দলের মধ্যে শীর্ষ আটে আছে- লিওঁ (১৫ পয়েন্ট), এফসি মিডজিল্যান্ড (১৫), ভিলা (১৫), বেতিস (১৪), ফ্রেইবুর্গ (১৪), ফেরেঙ্কভারোস (১৪), ব্রাগা (১৩), পোর্তো (১৩)।